1. admin@dailyjessorersangbad.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

রূপদিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মধ্য দিয়ে পুসারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রূপদিয়া (যশোর) প্রতিনিধি: “Together for a Better Future”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের রূপদিয়া অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা অনুষ্ঠানের আয়োজন করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রূপদিয়া (পুসার)। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রূপদিয়ার মুন্সী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী রূপদিয়া অঞ্চলের ২৫ জন শিক্ষার্থী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান, উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

পুসারের আহ্বায়ক ডা. মাইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকার, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু জাফর সিদ্দিক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বি. এম. জহুরুল পারভেজ এবং পুসারের উপদেষ্টা মো. ইকরামুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, শাঁখারীগাতী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবিএম ফারুক হোসাইন, রূপদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান মিলন এবং পুসারের সদস্যসচিব ফাহিম শাহারিয়ার।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পুসারের কার্যনির্বাহী সদস্য ফাতেমা জান্নাত সাবরিন ও ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারবিষয়ক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে দিকনির্দেশনা দেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. আবু বক্কার সিদ্দিক এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। তাঁরা উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ে বিষয় ও প্রতিষ্ঠান নির্বাচন, বিশ্ববিদ্যালয়জীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

আয়োজক সূত্রে জানা যায়, রূপদিয়া অঞ্চলের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে পুসার প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে সহযোগিতা করা, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়া এবং মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।

এ ছাড়া রূপদিয়া অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার, সম্মিলিত উদ্যোগে সামাজিক উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে চায় সংগঠনটি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠন ভবিষ্যতে নবীন শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করছে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা পুসার রূপদিয়া অঞ্চলের শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশ, উচ্চশিক্ষার প্রসার এবং পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়। “Together for a Better Future”—এই প্রত্যয়কে ধারণ করে শিক্ষার্থীদের সম্মিলিত অগ্রযাত্রার মাধ্যমে রূপদিয়ার জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park