
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: ওসমান গনির পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্যোক্তারা জানান, সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।