নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের কোতোয়ালী থানাধীন রামনগর ইউনিয়নের সিরাজ সিংহ এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে মিজানুর রহমান মিন্টু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বাড়ির লোকজন ও স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
আটক মিজানুর রহমান মিন্টু যশোরের মনিরামপুর থানার মথুরাপুর গ্রামের বাসিন্দা। তিনি আলাউদ্দীন গাজীর ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে রামনগর ইউনিয়নের সিরাজ সিংহ এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মিন্টু। এ সময় বাড়ির লোকজন ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে কোতোয়ালী থানা পুলিশের মোবাইল ডিউটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে আজ বেলা আনুমানিক ১১টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।