
নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ যশোর | ২৬ মার্চ ২০২৬
যশোর-খুলনা মহাসড়কের জারা মেডিকেলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলফিকার রহমান (৪৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) প্রক্রিয়া চলছে।
আহত জুলফিকার রহমান যশোরের মণিরামপুর উপজেলার বাকরসপোল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুলফিকার রহমান যশোর শহর থেকে বাইসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁচড়া চেকপোস্ট থেকে শংকরপুর অভিমুখে যাওয়ার পথে জারা মেডিকেলের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতের মাথায় গুরুতর জখম হওয়ায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন আহতের পরিবারের সদস্যরা। তারা ঘাতক গাড়ি ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।