1. admin@dailyjessorersangbad.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, ছুরিকাঘাতে যুবক আহত

যশোর প্রতিনিধি:

যশোরের রাজারহাট বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ইমন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানাধীন রাজারহাট চামড়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত ইমন যশোর সদর উপজেলার রামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। রাজারহাট বাজারে তাঁর ‘ইমনের মোবাইল’ নামে একটি দোকান রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দোকান থাকার কারণে ইমনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ৩ হাজার ৫০০ টাকা দেওয়া এবং ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে তাঁকে ছুরিকাঘাত করে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আজিজ (৩২), পিতা অজ্ঞাত, সাং মুরলী খাঁপাড়া এবং জাকির (৫৫), পিতা অজ্ঞাত, সাং রাজারহাট—উভয়ই যশোর কোতোয়ালী থানার বাসিন্দা—এর নাম উল্লেখ করা হয়েছে। জাকিরকে স্থানীয়ভাবে মেম্বার প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলায় ইমনের বুক ও নিতম্বে ছুরিকাঘাতে কাটা জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park