
যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় বিগত মাসের কল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন আবেদনপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সকল পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের সম্মুখে তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা ও প্রাত্যহিক নানা প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করেন।
অনুষ্ঠানে পেশাগত ক্ষেত্রে চমৎকার পারফরম্যান্স ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়া যশোর জেলা পুলিশ থেকে অবসরে (পিআরএল) যাওয়া চারজন সদস্যকে এক ভাবগম্ভীর আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের সার্কেল কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর এবং টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।