
স্টাফ রিপোর্টার যশোর
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে ৪৯ বিজিবির সদস্য শফিউল আলম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সীমান্ত এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্য শফিউল আলম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এদিকে, আহত হওয়ার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন যশোর জেলার সিইও সাইফুল আলম খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার স্বার্থে দ্রুত তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তরের নির্দেশ দেন।
বর্তমানে যশোর সিএমএইচে শফিউল আলমের নিবিড় চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় আহত এই বিজিবি সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকর্মীরা এবং সীমান্তবর্তী এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। ঘটনাটি সীমান্তে দায়িত্ব পালনকারী সদস্যদের ঝুঁকিপূর্ণ দায়িত্ব ও আত্মত্যাগের আরেকটি বাস্তব চিত্র তুলে ধরেছে।