
যশোর, প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের অধীন পরিচালিত বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়াকোনডো ও উশু ক্লাবের খেলোয়াড়রা বছরব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রেখে চলেছেন।
এরই ধারাবাহিকতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক অর্জনকারী যশোর জেলা পুলিশের কনস্টেবল মেহেদী আল সোহান বাংলাদেশ পুলিশ কোরিয়ান মার্শাল আর্ট তায়াকোনডো দলের হয়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।
এ উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম জেলা পুলিশের পক্ষ থেকে কনস্টেবল মেহেদী আল সোহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মেহেদী আল সোহানের এই অর্জন যশোর জেলা পুলিশের জন্য অত্যন্ত গর্বের। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করে বাংলাদেশ পুলিশ ও দেশের সম্মান সমুন্নত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন।
জেলা পুলিশের কর্মকর্তারা কনস্টেবল মেহেদী আল সোহানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বাংলাদেশ পুলিশ ও দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন।