
স্টাফ রিপোর্টার যশোর
যশোর কোতোয়ালি মডেল থানাধীন ভাটপাড়া প্রাইম ইটভাটার রোড এলাকায় রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক রিকশাচালককে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত রিকশাচালকের নাম আলমগীর (৫৫)। তিনি যশোর সদর উপজেলার চাচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর শ্মশান সংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। রোববার (১৫ মার্চ ২০২৬) আনুমানিক রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারী গোলাম রাব্বি তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আলমগীরের রিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।