
স্টাফ রিপোর্টার যশোর
যশোরে এক ইজিবাইক চালককে অচেতন করে তাঁর গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শহরের আরবপুর এয়ারপোর্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ওই চালকের নাম আখতারুজ্জামান (৪০)। তিনি যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা নতুনহাট এলাকার মৃত বারেক আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে আরবপুর এয়ারপোর্ট রোডের পাশে আখতারুজ্জামানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁর চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
স্থানীয়দের ধারণা, যাত্রীবেশে কোনো অজ্ঞান পার্টির সদস্য ইজিবাইকটিতে উঠেছিল। সুযোগ বুঝে চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে বা স্প্রে করে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।