
যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ
যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে মারধর ও বিদ্যুতের শক দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
আহত কিশোরের নাম ইয়াসিন ইসলাম ওহি (১৬)। তিনি ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার ইউনুছ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর খালু শাকিলের সঙ্গে স্থানীয় বাচ্চু ওরফে রড বাচ্চুর পূর্ব বিরোধের জের ধরে বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে মেহেদী (২৪) ও শাওন (২২) নামের দুই ব্যক্তি ইয়াসিনকে গির্জাতলা এলাকা থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি বাড়িতে নিয়ে মারধর করা হয় এবং বিদ্যুতের শক দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।