
যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ
যশোর শহরের চাঁচড়া এলাকায় নিজ বাড়ির মুরগির ফার্মে বিদ্যুতের লাইট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোতোয়ালি থানাধীন গোয়ালদা চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়া ওই এলাকার মৃত আশরাত মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মোক্তার মিয়া নিজ বাড়ির মুরগির ফার্মে বৈদ্যুতিক লাইট লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।