1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান-রিকশা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরের তীব্র যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। এখন থেকে লাইসেন্স ছাড়া কোনো ভ্যান বা রিকশা শহরের রাস্তায় চলাচল করতে পারবে না। শুধুমাত্র যশোর পৌরসভার অনুমোদন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স থাকলেই তা চালানো যাবে। আগামী মাসের ১ তারিখ থেকে এই নিয়ম অমান্যকারী অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে চূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু হবে।

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। মে ২০২৬ মাসের জেলার অপরাধচিত্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

সভায় শহরের যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কারণ অপ্রয়োজনীয় ও লাইসেন্সবিহীন ভ্যান-রিকশা। এখন থেকে পৌরসভার অনুমোদিত চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স—উভয়ই থাকতে হবে। আমরা চাই যশোর শহর হোক যানজটমুক্ত ও নান্দনিক। এর জন্য সবার সহযোগিতা দরকার। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসানকে দ্রুত মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দেন। একই সাথে বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও পৌরসভার সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এই কমিটি চালকদের যাচাই-বাছাই করে ৭ থেকে ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে এবং প্রশিক্ষণ শেষে তাদের লাইসেন্স প্রদান করা হবে। বর্তমানে যশোর পৌরসভায় অনুমোদিত গাড়ির সংখ্যা প্রায় ৭ হাজার ৭০০টি।

শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, যশোরকে সুন্দর ও নান্দনিক করতে শহরে প্রবেশের পথগুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণমাফিক গাড়ি প্রবেশ করানো হবে। কোন সময় কোন রুটে কি ধরনের যানবাহন চলবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে। পাশাপাশি শহরের ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো এবং রাস্তার দুই পাশের অবৈধ দখলমুক্ত করতে অভিযান জোরদার করা হবে। তিনি নাগরিকদের সচেতনতা ও আইন মানার মানসিকতা তৈরির প্রতি আহ্বান জানান। যশোর পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান বলেন, পৌরসভার অনুমোদন ছাড়া কোনো ভ্যান-রিকশা রাস্তায় নামতে পারবে না। এছাড়া রাস্তার দুই পাশ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। তিনি বলেন, যানজটের কারণে পণ্য পরিবহনে দেরি হয় এবং ব্যবসার খরচ বাড়ে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শহরের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

সভায় বিগত মে মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হলেও কিশোর গ্যাং ও চোরাচালানের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা, মাদক ও ছিনতাইবিরোধী অভিযান জোরদার এবং সীমান্তে চোরাচালান ও পুশইন রোধে বিজিবি ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও যশোর পৌর পার্কের নিরাপত্তা জোরদার করার কথাও জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন সাফায়াত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ এবং র‌্যাবের এসপি রেজাউল হকসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “আইন সবার জন্য সমান। আমরা কাউকে হয়রানি করতে চাই না। তবে শহরের শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় যশোর দেশের অন্যতম পরিকল্পিত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে উঠবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park