
যশোর প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামে স্থানীয় যুবসমাজ ও বন্ধু সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ-যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার আড়পাড়া স্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি আড়পাড়া গ্রামের উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া প্রদক্ষিণ করে পুনরায় আড়পাড়া স্কুল মাঠে এসে শেষ হয়।
এ সময় এলাকার তরুণ-যুবক, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) তামিম হোসেন।
পথসভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি এবং তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আয়োজক বন্ধু সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।