
যশোর প্রতিনিধি।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌরসভা এলাকায় কুরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা দ্রুত এবং পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ঈদুল আযহার দিন এবং পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঈদুল আযহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে।” বর্জ্য অপসারণে কড়া নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী জানান, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে (মাত্র ৩ ঘণ্টা) পুরো যশোর শহরের সমস্ত কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে এবং বিকেল ৪টার পর শহরের কোথাও কোনো ময়লা-আবর্জনা থাকতে পারবে না। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে তিনি ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। একই সাথে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের বার্তাটি ইমাম পরিষদের মাধ্যমে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় যেন প্রচার করা হয়, সেই বিষয়েও তিনি নির্দেশনা দেন।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ পৌরবাসীকেও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়াও সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর এবং ময়লা অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ১৩ জন কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলেই নির্ধারিত সময়ের মধ্যে যশোর শহরকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।