
যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোরের বাঘারপাড়ায় তিন বছর আট মাস বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হায়াতুল্লা নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার পর গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় ওই যুবকের শরীরের সংবেদনশীল স্থানে ইট ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল শিশুটি। পথে প্রতিবেশী যুবক হায়াতুল্লা তাকে আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময়ও শিশুটি কান্নাকাটি করছিল।
এদিকে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন হায়াতুল্লাকে আটক করে মারধর করেন। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় তাকে অমানবিকভাবে নির্যাতন এবং শরীরের সংবেদনশীল স্থানে ইট ঝুলিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় হায়াতুল্লাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আলামত পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, শিশুর প্রতি কথিত অপরাধের অভিযোগ যেমন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তেমনি অভিযুক্ত ব্যক্তিকে ধরে মারধর ও নির্যাতনের ঘটনাটিও আইনগতভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে।