
যশোর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি।
যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ
দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের মূল্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে কোনো চক্র যাতে অবৈধ মজুত বা সীমান্ত দিয়ে পাচার করতে না পারে, সেজন্য কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, যশোর রিজিয়নের আওতায় বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। পাচার রুখতে ইতিমধ্যে ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে এবং সীমান্তবর্তী ২৯টি তেল পাম্পকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া সন্দেহজনক রুটগুলোতে মোট ১ হাজার ১৩১টি চেকপোস্ট স্থাপন করার পাশাপাশি নৌপথে পাচার ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে ৬টি টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জ্বালানি ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে এ পর্যন্ত ৯৪৬টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযানও চলমান রয়েছে। বিজিবি অধিনায়ক সকলকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব এবং সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত বিজিবি ক্যাম্পে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।