
মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি:
দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে যশোর শহরে অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। সোমবার সকাল ১১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরাও অংশ নেন।
অভিযান চালানো হয় শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, সদর হাসপাতাল মোড়, সিভিল কোর্ট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। এ সময় সড়কে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের যানবাহন রাস্তায় পাওয়া গেলে জব্দ করার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযান চলাকালে কাগজপত্রে ত্রুটি থাকায় ১০টি ইজিবাইক জব্দ করা হয়েছে। একই সঙ্গে সড়কে যানজট সৃষ্টি করে এমন বিভিন্ন প্রতিবন্ধকতা ও অনিয়ম দূর করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে অংশ নেন যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, ট্রাফিক ইন্সপেক্টর তাহারীম খান, ইন্সপেক্টর শুকান্ত কুমার নাথ, সার্জেন্ট নিশিকান্ত, পৌরসভায় কর্মরত আব্দুর রাজ্জাক মন্টু, মনিরুজ্জামান নয়ন, আবুবক্কারসহ সংশ্লিষ্টরা। এ সময় রেড ক্রিসেন্ট কমিউনিটি পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করেন।
অভিযানকালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি সড়কে যত্রতত্র যানবাহন রাখা ও চলাচলের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করা হয়।
যশোর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।