যশোরে বিএনপি নেতা শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকী পালিত
দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
প্রকাশের সময় :
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
৪১
বার এই সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার যশোর যশোর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ আকুলের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ শহীদ আশিকুর রহমান আকুলের রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং বিএনপির প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, আশিকুর রহমান আকুল ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী সংগঠক। দলের দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ত্যাগ, আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান এবং আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শেষে নেতৃবৃন্দ শহীদ আশিকুর রহমান আকুলের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দল ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।