
যশোর প্রতিনিধি
যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে ধারণ করা একটি ভিডিও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাতে যশোর শহরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও প্রাইভেটকার চালকের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক তারিক হাসান পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে সেটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভিডিও প্রকাশের পর ৬ জুন বিকেলে সাংবাদিক তারিক হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলকারী প্রকাশিত ভিডিওটি দ্রুত মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি ভিডিও অপসারণে অস্বীকৃতি জানালে কলকারী অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভিডিওটি ডিলিট না করলে তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে হুমকি দেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক তারিক হাসান (বিপুল) বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছি মাত্র। একটি জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা ভিডিও ধারণ ও প্রকাশ করায় আমাকে হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আইনগত সুরক্ষার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।”
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সাংবাদিকের আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।