
যশোর প্রতিনিধি
খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে যশোরে অনুষ্ঠিত ‘তাহাফফুজে ফিকহার আকাবির’ মহা সম্মেলনে অংশ নিতে ভারতের ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী এবং আহলে শূরার সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী আজ দুপুর ২টা ৪ মিনিটে হেলিকপ্টারযোগে যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
ভারত থেকে আগত দুই শীর্ষ আলেমের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সতীঘাটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাদের স্বাগত জানাতে মাঠে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের নেতৃবৃন্দ, যশোরের আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)-এর ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
পরে অতিথিদের সম্মেলনস্থল আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘তাহাফফুজে ফিকহার আকাবির’ মহা সম্মেলনের কার্যক্রম চলমান রয়েছে।
সম্মেলনকে ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে হাজারো আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লি সম্মেলনে অংশগ্রহণ করেন। সকাল থেকেই সম্মেলনস্থলে মানুষের ঢল নামে। বিপুল উপস্থিতিতে আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সম্মেলনে ইসলামী শিক্ষা, আকাবিরদের আদর্শ, ফিকহ ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। দেশ-বিদেশের খ্যাতিমান আলেমদের উপস্থিতিতে এ মহাসম্মেলনকে ঘিরে মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।