
ইমাম হোসেন, স্টাফ রিপোর্টার (বাঘারপাড়া, যশোর)
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) বিকেলে আদমপুর পূর্ব মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত দানবীর, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও চেয়ারম্যান মরহুম মহিউদ্দিন বিশ্বাসের সুযোগ্য পুত্র, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব মাজাহারুল ইসলাম (খোকন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম আলী বিশ্বাস। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় দেড় ডজন ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা চারটি ঘোড়াকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ৪ হাজার টাকা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও ভিটাবল্যা ফুটবল মাঠের রেফারি মো. আরশাদ আলী।
প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা হলে তারা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রতি বছর নিয়মিতভাবে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।