
নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা-পরবতীপুর বটতলা এলাকায় দুইটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— হুমায়ুন (৩০), বাড়ি বাঘারপাড়া উপজেলার ইছালি ইউনিয়নের গাওঘাড়া গ্রামে; রিফাত (১৭), বাড়ি যশোর সদর উপজেলার রাজাপুর এলাকায়; এবং আব্দুল্লাহ (২২), একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে হুমায়ুনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এছাড়া আরও একজন আহতের অবস্থার অবনতি হলে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।