যশোরের শিক্ষানবিশ আইনজীবী মোঃ ইদ্রিস আলম-এর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে তিনি যশোর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর বিভিন্ন পোস্ট প্রচার করছে। ওই আইডির মাধ্যমে তার পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা তার ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ আইন পেশার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ভুক্তভোগী মোঃ ইদ্রিস আলম জানান, বিষয়টি জানতে পেরে তিনি একাধিকবার ফেসবুক কর্তৃপক্ষের কাছে আইডিটি রিপোর্ট করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তিনি বাধ্য হয়ে আইনগত সহায়তা চেয়ে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে ওই ফেক ফেসবুক আইডির মাধ্যমে যদি কোনো ধরনের প্রতারণা, আর্থিক লেনদেন, অপপ্রচার কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়, তবে তার সঙ্গে এর কোনো সম্পর্ক বা দায়-দায়িত্ব থাকবে না। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) অমিত কুমার ঘোষ-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।