
যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
পাওনা টাকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে যশোরে আপন ছোট ভাই ও মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রুবেল (৩৬) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর সমস্যানজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (সাবেক জেনারেল হাসপাতাল) থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে আটটার দিকে যশোর শহরের আর এন রোড নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত রুবেল ওই এলাকার হাসান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, পাওনা টাকাকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে তাঁর ছোট ভাই নিপু (৩০) ও মামাতো ভাই আকাশের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে নিপু ও আকাশ ধারালো চাকু দিয়ে রুবেলের ওপর চড়াও হন। তারা রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রুবেলের শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৫ থেকে ২০টি কোপের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আশঙ্কাজনক। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ঢাকায় স্থানাস্তরের (রেফার) পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।