
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যশোরের বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ অব্যাহতি
যশোর প্রতিনিধি।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোরের বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত ও সাংগঠনিক পর্যালোচনা শেষে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মূলত দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত রাখতে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই বিষয়ে যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন জানান, দলের ভাবমূর্তি রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। ভবিষ্যতেও যদি কেউ দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।