
ইমাম হোসেন, স্টাফ রিপোর্টার
বলরামপুর গ্রামের নিবাসী ও দয়ারামপুর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া আলী ইন্তেকাল করেছেন। আনুমানিক রাত ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ জোহরের নামাজের পর বলরামপুর গ্রামে মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি, দয়ারামপুর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজ শেষে মরহুম মাওলানা ইয়াহিয়া আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মাওলানা ইয়াহিয়া আলীর মৃত্যুতে দয়ারামপুর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।