
স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রাকিবুল হাসান উপজেলার জাফরনগর গ্রামের মো. জয়নালের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) ভোরে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।