
স্টাফ রিপোর্টার যশোর
যশোরের শিক্ষানবিশ আইনজীবী মোঃ ইদ্রিস আলম-এর নাম ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি থেকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রকাশের ঘটনা জিডি করার পরও অব্যাহত রয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি সাইবার ক্রাইম ইউনিটেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ ইদ্রিস আলম জানান, একটি কুচক্রী মহল তার পরিচয় ব্যবহার করে ফেক ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর, মানহানিকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করে আসছে। সম্প্রতি ওই আইডি থেকে তাকে নিয়ে অপপ্রচারের পাশাপাশি বিভিন্ন সাংবাদিককে নিয়েও আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর একাধিকবার ফেসবুক কর্তৃপক্ষের কাছে আইডিটি রিপোর্ট করা হলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় প্রথমে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে অপপ্রচার অব্যাহত থাকায় গতকাল সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে অতি দ্রুত ফেক আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
ভুক্তভোগী মোঃ ইদ্রিস আলম সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফেক আইডির মাধ্যমে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ওই ভুয়া আইডি রিপোর্ট করে অপপ্রচার প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, যশোর কোতোয়ালী থানায় দায়ের করা সাধারণ ডায়েরির তদন্তও চলমান রয়েছে।