বিশেষ প্রতিনিধি
যশোর আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলের পচা বিরিয়ানি খেয়ে ৫ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও তাদের স্বজনরা হোটেলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে টাকা ফেরত দিতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ
জানা গেছে, যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া এলাকার কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে আড্ডার আয়োজন করেন। এসময় তারা রাত ১০টার দিকে ক্যাফে নুর হোটেল থেকে ২৪ প্যাকেট মুরগি ও খাসির বিরিয়ানি কিনে নিয়ে এলাকায় যান। পরে কেউ একসঙ্গে বসে খাওয়ার সময় এবং কেউ বাড়িতে নিয়ে খাওয়ার পরপরই অসুস্থতা দেখা দেয়। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজনের পেটে তীব্র ব্যথা ও বমি হয় । পরিস্থিতি খারাপ হওয়ায় আয়োজকরা রাতেই হোটেলে গিয়ে বিষয়টি জানালে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় এসময় হোটেলের মালিক বকুলকে ওই বিরিয়ানি খেতে দেওয়া হলে তিনি নিজেই খাবারটি নষ্ট বলে স্বীকার করেন। পরে বিক্ষুব্ধদের চাপে তিনি বিরিয়ানির টাকা ফেরত দেন এবং ভুল স্বীকার করেছেন।
ভুক্তভোগী মনির হোসেন ও ইসমাইল হোসেন জানায়, খাবার নেওয়ার সময়ই এক কর্মচারী তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে গ্রামে নিয়ে খাওয়ার পরপরই তাদের বমি শুরু হয় এবং গলায় অস্বস্তি দেখা দেয়। তারা এ ধরনের নিম্নমানের খাবার বিক্রির জন্য হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
হোটেল মালিক এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, এ ধরনের অভিযোগ নিয়ে প্রাই কাস্টমাররা এসে ঝামেলা করে।এছাড়া ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের বিরুদ্ধেও কাস্টমারদের সঙ্গে অশোভন আচরণের একাধিক অভিযোগ আছে।