
যশোর প্রতিনিধি।
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই এবং আগামী মাসগুলোর চাহিদা পূরণে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের পূর্ণ মজুদ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জুন মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনায় রেখে অতিরিক্ত জ্বালানি আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা মোকাবিলায় বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বজায় রাখতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর কাজও চলমান রয়েছে।
বর্তমান জ্বালানি পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকবে।