
কুয়াদা যশোর প্রতিনিধি
যশোরের কুয়াদা আটমাইলে মর্মান্তিক মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সে মণিরামপুর উপজেলার কুয়াদা ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। কুয়াদা স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। সূত্রে জানা যায়, শনিবার ১৩ জুন সকালে মাহিম তার মামার বাড়ি সাড়াপোল হতে আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ভোজগাতীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে মণিরামপুর-কুয়াদা সড়কের আটমাইল এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলার ও বরই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়।
নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল আর-ওয়ান ফাইভ (ঢাকা মেট্রো-ল ৬৯-৭৪৬৯)। এঘটনার খবর পেয়ে মনিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনসহ নিহত মাহিমের মরদেহ উদ্ধার পূর্বক যশোর ২৫০ শয্যা জেনার হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।ওইদিন আসরবাদ তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষার্থীর অকাল মৃত্যুতে কুয়াদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।