
যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিলা (১৫) নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে চৌগাছা থানাধীন টালিখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত মিথিলা যশোরের চৌগাছা থানার বাকপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সময় তারা আরাধ্যা রেস্টুরেন্টে যাওয়ার পথে ছিলেন। এ সময় হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর সময় একটি মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নয়নকে মৃত ঘোষণা করেন। আহত মিথিলাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।