প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া নাইক্ষ্যংছড়ি, বান্দরবান প্রতিনিধি
সময়ের স্রোতে ভেসে যায় দিন, থেকে যায় শুধু স্মৃতির ঋণ।শেষ ঘণ্টা বাজে বিদায়ের সুরে, অশ্রু ঝরে প্রিয় শিক্ষকের তরে এমনই আবেগঘন পরিবেশে আজ রবিবার ২৬ জুলাই ২০২৬ হাজী এম. এ. কালাম সরকারি কলেজে অনুষ্ঠিত হলো দুই সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা।
দীর্ঘদিনের কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন কলেজের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক জনাব হেদায়েত হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক জনাব প্রিয়তোষ শর্মা চন্দন।
কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে এই সংবর্ধনার সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাফর আলম*।
বক্তারা বলেন, শিক্ষকদ্বয় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেননি, দিয়েছেন জীবনের পাঠ। তাদের আদর্শ, নিষ্ঠা ও ভালোবাসা হাজারো শিক্ষার্থীর মনে চির অম্লান হয়ে থাকবে।
বিদায়ী শিক্ষকরা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "এই কলেজ আমাদের পরিবার। শিক্ষার্থীদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার তুলে দেওয়া হয়। বিদায়ের বিষাদ আর শ্রদ্ধায় ভারী হয়ে উঠে পুরো কলেজ প্রাঙ্গণ।