যশোর প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার এলপিজি সিলিন্ডারের দাম সমন্বয় করছে। ভবিষ্যতেও বৈশ্বিক বাজারে মূল্য অনুকূলে থাকলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৩ জুলাই) যশোর সার্কিট হাউসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের এলপিজির প্রায় ৯৮ শতাংশই আমদানিনির্ভর এবং এ খাত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছিল, যার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে। তবে বৈশ্বিক বাজারে দাম কমার প্রবণতা দেখা দেওয়ায় সরকারও মূল্য সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে।
বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ ও লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেবার মান আরও উন্নত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের উদ্যোগে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, লাগানো গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি জানান, সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশজুড়ে সরকারি, বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের আঞ্চলিক প্রধান ইকবাল কবির। এছাড়া স্থানীয় প্রশাসন, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।