চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৬ কে সামনে রেখে লালমনিরহাট রেলওয়ে বিভাগে শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কল্যাণ ট্রাস্টের বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন রেলওয়ের তিন নিবেদিতপ্রাণ কর্মী। তারা নির্বাচনের প্রার্থী হিসেবে লালমনিরহাট রেলওয়ে বিভাগে কর্মরত সকল শ্রমিক ভাই ও বোনদের নিকট দোয়া, আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন।
আসন্ন এ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন রেলওয়ের তিন পরিচিত মুখ মোঃ রেনায়েল আলম: তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), কমান্ড্যান্ট দপ্তর, লালমনিরহাট বিভাগে স্টেনো হিসেবে কর্মরত। তিনি মূলত ইঞ্জিনিয়ারিং, আরএনবি, সংস্থাপন, ব্রিজ ইঞ্জিনিয়ার ও হিসাব বিভাগ নিয়ে গঠিত ‘গ্রুপ-ক’ এর প্রতিনিধিত্ব করছেন।
মোঃ মাইদুল ইসলাম: তিনি লালমনিরহাট বিভাগে ডিটি (পরিবহন) দপ্তরে কর্মরত। তিনি পরিবহন, বিদ্যুৎ, মেডিকেল, টেলিকম ও ভূ-সম্পত্তি বিভাগ সমন্বিত ‘গ্রুপ-খ’ থেকে প্রার্থী হয়েছেন।
মোঃ মুজাহিদুল ইসলাম: তিনি ডিএমই/লোকো দপ্তরে কর্মরত। তিনি মেকানিক্যাল, সিপি স্কুল, সিগন্যাল ও টেলিকম বিভাগ নিয়ে গঠিত ‘গ্রুপ-গ’ এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিন প্রার্থীই অভিন্ন কণ্ঠে বলেন, "বাংলাদেশ রেলওয়ে আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে। আমরা শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। কল্যাণ ট্রাস্ট রেল কর্মচারীদের বিপদের সাথী। আমরা নির্বাচিত হলে রেল শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সহায়তা এবং শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধা আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করব।" তারা সকল সহকর্মী ও ভোটারদের তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মচারীবৃন্দের দাবি, এবার এমন প্রতিনিধি প্রয়োজন যারা সরাসরি শ্রমিকদের সুখ-দুঃখের খোঁজ রাখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যৌক্তিক দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিভাগে চলছে ব্যাপক প্রচারণা। রেলওয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত শ্রমিকরা আশা করছেন, এ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে যা বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও সুসংহত করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট রেলকর্মীদের চিকিৎসা, শিক্ষা সহায়তা এবং অসহায় ও দুস্থ কর্মীদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে আগামীতে লালমনিরহাট বিভাগের শ্রমিকদের সার্বিক কল্যাণমূলক কর্মকাণ্ডের রূপরেখা।