শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার
রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় বাড়ির উঠান ও চলাচলের পথ দিয়ে মলমূত্র ও পচা পানি প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জিয়াউল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকার লাবু মিয়ার বাড়ির টয়লেটের মলমূত্র ও পচা পানি দীর্ঘদিন ধরে জিয়াউল ইসলামের বাড়ির উঠান এবং চলাচলের পথে ছড়িয়ে পড়ছিল। এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে জিয়াউল ইসলাম প্রতিবেশী লাবু মিয়ার কাছে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে লাবু মিয়া ও তার পরিবারের সদস্যরা লাঠিসোটা, সাবল ও স্টিলের পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে জিয়াউল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউল ইসলাম জানান, কয়েকদিন ধরে তাদের বাড়ির টয়লেটের পচা পানি আমার বাড়ির উঠান ও চলাচলের স্থানে আসছিল। বিষয়টি বন্ধ করার জন্য সকালে কথা বলতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং লাঠিসোটা, সাবল ও স্টিলের পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতকে দেখতে যান রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি। তিনি বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত ব্যক্তির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছি। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ঘটনায় জিয়াউল ইসলামের স্ত্রী মোছা. সালমা বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন মো. লাবু মিয়া (৩৫), মো. ফাহিম মিয়া (২৫), মো. লাল মিয়া (৪৫) ও মোছা. জিয়াইসমিন আক্তার (৩০)।
অভিযোগ পাওয়ার পর তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।