যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ
যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী। এই বিজয় উদযাপনের অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবনির্বাচিত এই আইনজীবী নেতা।
সোমবার দুপুরে অ্যাডভোকেট বোরহান সিদ্দিকীর নেতৃত্বে একদল আইনজীবী অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে যান। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আইনি অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে পস্পর মতবিনিময় করেন। অধ্যাপক নার্গিস বেগম নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উপস্থিত আইনজীবীদের অভিনন্দন জানান। তিনি ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের পেশাগত মান উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানান। এ সময় অ্যাডভোকেট বোরহান সিদ্দিকীর সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।