নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেন
যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আম্বিয়া খাতুন দক্ষিণ বুরুজবাগান এলাকার আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল আম্বিয়া খাতুনের বাড়িতে অভিযান চালায়। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।