প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ৯:৩০ পি.এম
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী বাজার এলাকার শাপলা ব্রিকসের পূর্ব পাশে যশোর-বেনাপোল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে মো. বাবলুর রহমান (৫৫) এবং বড় আঁচড়া মাঠপাড়া এলাকার মো. আজগার আলীর ছেলে মো. নুরুজ্জামান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামিদের ব্যবহৃত টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা মডেলের একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার পিস এবং রানিং বোর্ডের ভেতরে বিশেষ কৌশলে তৈরি গোপন বক্সে রাখা আরও ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১০ হাজার পিস।
অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ছাড়াও একটি প্রাইভেট কার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।
Copyright © 2026 দৈনিক যশোরের সংবাদ. All rights reserved.