যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মসংস্থানের সংকট নিরসন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার ইতিমধ্যে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেছে।"
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে শ্রমিকদের প্রতি সরকারের সুস্পষ্ট অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, হারানো কর্মসংস্থান পুনরুদ্ধার এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। শ্রমিক পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, "শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সফল হয়। শ্রমিক শোষণ কোনো প্রতিষ্ঠানের জন্য টেকসই উন্নয়ন বয়ে আনতে পারে না।"
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফরসহ স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।