যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে দীন ইসলাম (৩৫) নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকেলে বারীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক দীন ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দীন ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর ও অশালীন বক্তব্য দেন। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও মন্তব্য করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
অভিযোগের বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে ঘটনাটিকে ভিন্নভাবে দেখছে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দীন ইসলামের ফেসবুক লাইভের বিষয়টি তারা নিজেরা দেখেছেন। তবে অভিযোগের পক্ষে যেসব ভিডিওর কথা বলা হচ্ছে, সেগুলো পরে ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলেও প্রকৃত ঘটনা কী এবং ফেসবুকে দীন ইসলাম আদৌ ওই বক্তব্য দিয়েছেন কি না—তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের পর অভিযোগের সত্যতা ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে।