যশোরে ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পাম্প
যশোর প্রতিনিধি।।
যশোর শহরের ধর্মতলা এলাকায় মেসার্স সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও পাম্পে থাকা গ্রাহকদের তাৎক্ষণিক তৎপরতায় পাম্পটি এক ভয়াবহ অগ্নিকাণ্ড ও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডের শিকার মোটরসাইকেল চালকের নাম আব্দুল মান্নান। তিনি চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান ব্যক্তিগত কাজে বিকেলে যশোর শহরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ধর্মতলার সোনালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল দেওয়ার সময় হঠাৎ তেল ‘ওভারফ্লো’ হয়ে মোটরসাইকেলের ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। ৪১০ টাকার তেল নেওয়া শেষে বাকি ৪০ টাকা ফেরত নিয়ে আব্দুল মান্নান মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইঞ্জিনে দাউদাউ করে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। তবে পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা সাহসিকতার পরিচয় দেন। তারা দ্রুত জ্বলন্ত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ (নজল ও ভূগর্ভস্থ তেলের আধার) থেকে দূরে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যান। স্থানীয়দের মতে, দ্রুত সময়ের মধ্যে বাইকটি সরিয়ে না নিলে পাম্পের বড় কোনো ইউনিটে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণ করেন। আগুনে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্তমানে পাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং স্থানীয়রা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কিত হলেও বড় বিপদ এড়ানো গেছে বলে স্বস্তি প্রকাশ করেছেন।