যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।
আজ রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত প্রেস ও ছাপাখানা মালিকদের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “সমাজের সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে প্রেস ও ছাপাখানা হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের প্রত্যেকেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সমাজের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, যেকোনো প্রকার অপপ্রচার ও গুজব ঠেকাতে আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এসব অপরাধ নির্মূল করা সম্ভব।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবনে সবার পছন্দ-অপছন্দ এবং মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সরকারি ও আইনগতভাবে নিষিদ্ধ এমন যেকোনো কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে।” সমাজে আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো অপতৎপরতার সঠিক তথ্য পুলিশকে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা করার জন্য তিনি ছাপাখানা মালিকদের প্রতি আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) জনাব মোঃ আহসান হাবীব, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাসুম খানসহ স্থানীয় প্রেস ও ছাপাখানা মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।