যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোরে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে নজরুল (৬০) নামে এক ব্যক্তির ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। পরে তাকে অচেতন অবস্থায় তারাগঞ্জ বাজারের পাশে একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নজরুল যশোর সদর উপজেলার পাগলাদহ (পালবাড়ি) এলাকার মৃত জহর আলী বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা নজরুলকে নেশাজাতীয় দ্রব্য সেবন করানোর পর তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে তারাগঞ্জ বাজারের পাশের একটি বাগানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ইজিবাইকটি উদ্ধারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীর স্বজনরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।