নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ
যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ সংলগ্ন ভৈরব নদের পাড় আবারও দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বিতর্কিত ব্যক্তি ও নীলগঞ্জ শাহাপাড়ার আজগর আলীর নেতৃত্বে একটি চক্র প্রকাশ্যে নদীর সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেছে বলে জানা গেছে। রোববার সকাল থেকেই বাঁশ দিয়ে খুঁটি গেড়ে অবৈধ স্থাপনা তৈরির কার্যক্রম চলতে দেখা যায়, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী দীর্ঘদিন ধরে ওই সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া আদায় করে আসছিলেন। পরবর্তীতে ভৈরব নদ খনন কার্যক্রমের সময় প্রশাসন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করে। এরপর দীর্ঘ সময় জায়গাটি খালি থাকলেও এখন নতুন করে আবারও দখলের মহোৎসব শুরু হয়েছে। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফতেপুর ইউনিয়নের শেষ অংশে নীলগঞ্জ ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে শ্রমিকরা প্রকাশ্যে কাজ করছেন এবং আজগর আলীর নির্দেশেই তারা এই নির্মাণ কাজ করছেন বলে স্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সম্পত্তি দখল করে বছরের পর বছর অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়া আজগর আলী এর আগেও ভৈরব নদের পশ্চিম পাড়ে গাছ কাটতে গিয়ে আটক হয়েছিলেন। বর্তমানে তিনি তার ছোট ভাই লুৎফর রহমানকে সাথে নিয়ে পুনরায় নদীর পাড় দখলের পাঁয়তারা করছেন। যদিও এ বিষয়ে জানতে চাইলে আজগর আলী দায় এড়িয়ে বলেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং যারা তার নাম বলছে তারা ভুল বলছে; তবে তিনি ইঙ্গিত দেন যে তার ভাই লুৎফর রহমান এই কাজের সাথে জড়িত থাকতে পারেন। অন্যদিকে লুৎফর রহমান দাবি করেছেন, একসময় তিনি ওই জায়গা দখলে রাখলেও এখন আর সেই লাইনে নেই এবং বর্তমানে তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত।
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না তবে সোমবারই ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।