যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার রামনগর–মুড়লী এলাকায় কথিত মশাল মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার বাদী কোতোয়ালি থানার এসআই ফজলুল হক।
পুলিশ জানায়, ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রামনগর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে মশাল মিছিলের আয়োজন করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। মামলায় উল্লেখ করা হয়েছে, মিছিলটির সার্বিক আয়োজন করেন আনোয়ার হোসেন বিপুল।
মামলার পর রোববার রাতে পাঁচজন এবং পৃথক আরও দুটি নাশকতার মামলায় সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক নয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, রাকিবুল রহমান, আল আমিন, সম্রাট হোসেন, সোহাগ খলিফা, নুরুল ইসলাম, আকরাম হোসেন ও মইনুর রহমান।
মামলায় সদর উপজেলার বিভিন্ন এলাকার সাবেক চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মীসহ মোট ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।