নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে ননদের বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত গৃহবধূর নাম শরিফা খাতুন (১৮)। তিনি যশোর সদর উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের স্ত্রী।
জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শরিফা খাতুন তার ননদ চম্পার (স্বামী: মনিরুল) মনোহরপুর এলাকার হুদোর মোড়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে তিনি ঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের সদস্যরা জানান।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।