স্টাফ রিপোর্টার
যশোর শহরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মরণ নেশা ক্রিস্টাল আইস মেথামফেটামিন তৈরির কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ মার্চ রাত ৯টার সময় যশোর শহরের মনিহার সিনেমা হল পাশে ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে ঐ নারীকে আটক করা হয়।
আটক নারী শাপলা খাতুন ওরফে সপ্না (২৮) সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অলক কুমারদে নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে সন্দেহভাজন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে পরিবহনের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, এসব কাঁচামাল দিয়ে মরণ নেশা ক্রিস্টাল আইস তৈরি করা হয়।
আটক শাপলা খাতুনকে শুক্রবার ১৩ মার্চ আদালতে পাঠানো হয়েছে বলে যশোর ডিবি পুলিশ জানিয়েছে।