নিজস্ব প্রতিবেদক।
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে নয়টায় শহরের পুলিশ লাইন্স ড্রিল সেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম ।সভায় পুলিশ সদস্যদের পেশাদারত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আলোচনা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন।
এই কল্যাণ সভার শুরুতে চলতি মাসের বিভিন্ন পুলিশ সদস্যদের আবেদন ও তার বাস্তবায়ন পর্যালোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম । পরে সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তাঁদের সার্বিক সুবিধা, অসুবিধা ও নানা প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু বিষয়ের সমাধান দেন। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও সেবামূলক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের বিভিন্ন সার্কেল কর্মকর্তা, পুলিশ হাসপাতালের চিকিৎসক, পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর এবং টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।